নারায়ণগঞ্জের ফতুল্লায় দুবাই ফেরত এক প্রবাসী যুবককে অপহরণ, স্বর্ণ ও নগদ টাকা লুট এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে ‘কারণ দর্শানোর নোটিশ’ (শোকজ) জারি করেছেন বিজ্ঞ আদালত। একই সাথে ওসির এমন ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করে মামলাটি সরাসরি এজহার (এফআইআর) হিসেবে রেকর্ড করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার (২৪ মে) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ফতুল্লা আমলী আদালত) আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এই আদেশ প্রদান করেন। (সি.আর মামলা নং- ৯৯৫/২৬)।
মামলার আরজি সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর থানার চর মুক্তারপুর এলাকার সাহিদা বেগমের ছেলে বাবু (২৫) দীর্ঘদিন দুবাইয়ে কর্মরত ছিলেন। গত ১৪ মে বৃহস্পতিবার তিনি দুবাই থেকে দেশে ফেরার পথে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন কাশীপুর ব্রিজের পাশে আসামিরা পরিকল্পিতভাবে প্রবাসীর গাড়ি গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে প্রবাসী বাবুকে অপহরণ করে গোগনগরের লাল চানের ছেলে সাদ্দাম হোসেন ও আকরাম প্রধান সহ অজ্ঞাতনামা ৫/৭ জন তাদের আস্তানায় আটকে রাখে। সেখানে তল্লাশি চালিয়ে প্রবাসীর কাছে থাকা নগদ ৫ লক্ষ টাকা এবং ১০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেওয়া হয় এবং পরবর্তীতে ভিকটিমকে ছাড়তে আরও ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ২৪ মে দুপুর ১২টায় ফতুল্লা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন- ভিকটিম বাবুকে আসামিরা আদৌ অপহরণ করেছে কি না, সে বিষয়ে ৩ ঘণ্টার মধ্যে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য।
কিন্তু আদালতের সুনির্দিষ্ট নির্দেশ উপেক্ষা করে নির্ধারিত সময় পার হওয়ার পরও ফতুল্লা ওসির পক্ষ থেকে কোনো প্রতিবেদন জমা দেওয়া হয়নি, এমনকি তদন্তের অগ্রগতি নিয়েও আদালতকে কিছু জানানো হয়নি। ওসির এমন দায়িত্বজ্ঞানহীন ও রহস্যজনক আচরণে চরম ক্ষুব্ধ হন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।
বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম তাঁর লিখিত আদেশে উল্লেখ করেন: এমতাবস্থায়, কেন ০৩ (তিন) ঘণ্টার মধ্যে ভিকটিম বাবুর অপহরণ বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দাখিল করা হয় নাই, তৎমর্মে কারণ দর্শানোর জন্য অফিসার ইনচার্জ (ওসি), ফতুল্লা থানা-নারায়ণগঞ্জকে নির্দেশ প্রদান করা হয়।
ভিকটিম উদ্ধার ও জেলাজুড়ে তোলপাড় এদিকে আদালতের এমন নজিরবিহীন ও কড়া অ্যাকশনের পর চাপের মুখে পড়ে পুলিশ তড়িঘড়ি করে অপহৃত প্রবাসী বাবুকে উদ্ধার করতে সক্ষম হয়।
তবে ভিকটিম উদ্ধার হলেও আদালতের নির্দেশ অমান্য করা এবং স্পর্শকাতর ফৌজদারি অপরাধের ঘটনায় পুলিশের প্রাথমিক নিষ্ক্রিয়তার বিষয়টি নিয়ে পুরো জেলায় তোলপাড় চলছে। আদালত দরখাস্তটি সরাসরি এফআইআর হিসেবে গণ্য করে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, আজ দুপুর ১২টার দিকে বিজ্ঞ আদালত একটি সুনির্দিষ্ট আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছিল, ভিকটিম বাবুর অপহরণের ঘটনার বিষয়ে আগামী ৩ ঘণ্টার মধ্যে ফতুল্লা থানার অফিসার ইনচার্জকে একটি প্রাথমিক প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। তবে আদালতের আদেশের কপিটি দুপুরের মধ্যে আমাদের হাতে এসে পৌঁছায়নি। বিকেল ৪টার পর মামলার বাদী স্বশরীরে আদালতের সেই আদেশের কপিটি নিয়ে থানায় আসেন। আদালতের নির্দেশনা পাওয়ার পর আমরা এক মুহূর্তও সময় নষ্ট করিনি। আদেশের কপি হাতে পাওয়া মাত্রই আমি তাৎক্ষণিকভাবে থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দনকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠাই। অত্যন্ত দ্রুততা ও সতর্কতার সাথে অভিযান পরিচালনা করে আমরা সেখান থেকে অপহৃত ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।
উক্ত ঘটনায় অপহরণের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা,এমন প্রশ্নের জবাবে ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন,বিজ্ঞ আদালতের মূল নির্দেশনা ও অগ্রাধিকার ছিল ভিকটিমকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করা এবং সেই সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা। আদালত থেকে আমাদের যেভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছিল, আমরা অক্ষরে অক্ষরে ঠিক সেটুকুই পালন করেছি। আদেশে ভিকটিমকে উদ্ধারের ওপর জোর দেওয়া হয়েছিল, কাউকে গ্রেপ্তার করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা সেখানে ছিল না। তাই আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাকে উদ্ধার করা, যা আমরা সফলভাবে সম্পন্ন করেছি। মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী আসামিদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।




















