ফতুল্লার কোতালেরবাগ হকবাজারস্থ সরকারি খাল ও রেলওয়ের জায়গাএ দখলকারীদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী ।
শুক্রবার (১৩ মার্চ) জুম্মার নামাজের পরে কোতালেরবাগ এলাকার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তারা খাল ও সরকারি রেলওয়ের জায়গা দখল করে নির্মিত অবৈধ দোকানপাট দ্রুত উচ্ছেদের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, কোতালেরবাগ হকবাজার এলাকার একটি খাল এবং সংলগ্ন সরকারি রেলওয়ের জমি দখল করে কয়েকটি দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, আরিফ মুহুরি এবং রজনী ও সজনি নামে দুই বোন ওই সরকারি জায়গা দখল করে এসব দোকান নির্মাণ করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, খাল দখল করে স্থাপনা নির্মাণের ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি সরকারি রেলওয়ের জমি দখল করে দোকান নির্মাণ করায় এলাকায় পরিবেশ ও জনসাধারণের চলাচলেও সমস্যা সৃষ্টি হচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে খাল ও সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা জানান, বিষয়টি নিয়ে দখলকারীদের কাছে প্রতিবাদ জানাতে গেলে উল্টো তাদের সন্ত্রাসী ও চাঁদাবাজ আখ্যা দিয়ে বিভিন্ন মামলার ভয় দেখানো হয়।
এলাকাবাসীর দাবি, একাধিকবার বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। বরং প্রভাব খাটিয়ে দখলকারীরা অবৈধ স্থাপনা আরও বিস্তৃত করার চেষ্টা করছেন।
বিক্ষোভকারীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, সরকারি খাল ও রেলওয়ের জায়গা দখলমুক্ত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, সরকারি সম্পত্তি রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। তাই দ্রুত তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।




















