মৃধা বেলাল:- আজ ২৮শে এপ্রিল ২০২৬, জাতীয় আইনগত সহায়তা (লিগ্যাল এইড) দিবস উপলক্ষে বরগুনার আমতলীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই উপজেলা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরানের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন সম্মানিত আইনজীবীবৃন্দ, মহরারবৃন্দ, আদালতের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুধীজন এবং বিচারপ্রার্থী সাধারণ জনগণ।
র্যালি শেষে আমতলী উপজেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা লিগ্যাল এইডের গুরুত্ব, সুবিধা এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা প্রাপ্তির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এটি একটি কার্যকর সহায়ক মাধ্যম।
আলোচনা সভায় উপস্থিত অতিথিরা আইনগত সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত ও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং আইনগত সহায়তা সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




















