দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও গঠনতন্ত্র লঙ্ঘনের দায়ে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)-এর যুগ্ম মহাসচিব আমানতউল্লাহ আমানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার (৩ মে) রাতে দলের এক জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার বিস্তারিত: পিডিপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের মহাসচিব হারুন আল রশিদ খান এবং স্থায়ী কমিটির সদস্য রফিকুল আহসান (রাফি) সহ অন্যান্য নেতৃবৃন্দ যুক্ত ছিলেন। সভায় দলের বর্তমান পরিস্থিতি এবং শৃঙ্খলা রক্ষায় করণীয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
বহিষ্কারের কারণ: দলীয় সূত্রে জানানো হয়েছে, আমানতউল্লাহ আমানের বিরুদ্ধে দলকে কুক্ষিগত করার চেষ্টা, বিভিন্ন অনিয়ম এবং দলের ভেতর উপদল তৈরি করে শৃঙ্খলা নষ্ট করার অভিযোগ উঠেছে। বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি গঠনতন্ত্র উপেক্ষা করে দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন, যা দলের জন্য মারাত্মক ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্রের ১১-২ ধারা মোতাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ক্ষমতাবলে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
দলের আনুষ্ঠানিক বক্তব্য: সভার সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়েছে, আজ থেকে আমানতউল্লাহ আমানের সাথে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)-এর কোনো সাংগঠনিক সম্পর্কতে আরও উল্লেখ করা হয়, এখন থেকে দলের কোনো বিষয় বা ‘গণতান্ত্রিক বাম ঐক্য জোট’-এর কোনো কার্যক্রমে আমানতউল্লাহ আমানের সাথে যোগাযোগ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। এরপরও যদি কেউ ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগ করেন, তবে তার দায়ভার প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) বহন করবে না।




















