নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদনি হাউজিং গোলাগুলির ঘটনায় মামলার বাদী ও তার পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাদী মো. হোসেন খোকা (৫১)।
শনিবার (৯ মে) ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন তিনি।
জিডির বাদী খোকা নারায়ণগঞ্জ সদর উপজেলার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। বর্তমানে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়া এলাকায় বসবাস করছেন।
জিডিতে তিনি বলেন, গত ৯ এপ্রিল ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় সংঘটিত গোলাগুলির ঘটনায় তার ছেলে মো. রাকিব (২৩) গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় তিনি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পশ্চিম ধর্মগঞ্জ প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে খাইরুল কবির জসীমসহ কয়েকজনকে আসামি করা হয়। পরে মামলার কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও আদালত থেকে জামিনে মুক্তি পান।
জিডিতে আরও উল্লেখ করা হয়, জামিনে বের হওয়ার পর থেকেই আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৯ মে রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার হরিহরপাড়া শান্তিনগর এলাকায় তার বাসার সামনে গিয়ে ফাজিলপুর ডালডা গেইট এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে সারজিল আহম্মেদ অভি (৩০), চাঁদনী হাউজিং এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল হামীদ প্রধান (৫৫), পশ্চিম ধর্মগঞ্জ এলাকার মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে খাইরুল কবির জসীম (৫৫) ও মাসদাইর গুদারাঘাট এলাকার আবুল হোসেন খানের ছেলে ছালাম (৪০) তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
হোসেন খোকা অভিযোগ করেন, তিনি ঘর থেকে বের হলে তাকে কুপিয়ে হত্যা করার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তার ছেলে রাকিবকে রাস্তাঘাটে পেলে টুকরো টুকরো করে লাশ নদীতে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
বাদীর দাবি, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। যেকোনো সময় আসামিরা তাদের প্রাণনাশ বা ক্ষয়ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন। এ কারণে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।




















