নারায়ণগঞ্জের ফতুল্লায় আইনের তোয়াক্কা না করেই বেপরোয়া হয়ে উঠেছে এক প্রভাবশালী চক্র। পাগলা বাজার এলাকায় আদালতের স্থিতাবস্থা (Status-quo) লঙ্গন করে ‘শ্রী শ্রী পাগল নাথ ও রাম সীতা মন্দির’-এর কোটি কোটি টাকার দেবোত্তর সম্পত্তি দখলের মহোৎসব চলছে। অভিযুক্ত চিন্ময় দাস মোহন্ত ও তন্ময় দাস মোহন্তের বিরুদ্ধে মন্দির কমিটির সদস্যদের খুনের হুমকি ও বাজার এলাকায় ডাকাতির চেষ্টার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পাগলায় ‘শ্রী শ্রী পাগল নাথ ও রাম সীতা মন্দির’-এর দেবোত্তর সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। উক্ত সম্পত্তি রক্ষায় ২০১৮ সালের ২৯ অক্টোবর আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। সর্বশেষ গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আদালত পুনরায় এক আদেশের মাধ্যমে ফতুল্লা মডেল থানা পুলিশকে ওই সম্পত্তিতে স্থিতাবস্থা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।
এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল চন্দ্র দাস ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তিনি জানান, আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ৪ মে রাত থেকে ৫ মে সকাল পর্যন্ত বিবাদী পক্ষ জোরপূর্বক ৬টি দোকান ঘরসহ বিভিন্ন নির্মাণ কাজ চালিয়েছে। বাধা দিতে গেলে বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, তারা কোনো আইন বা আদালতের আদেশ মানে না। এমনকি মন্দির কমিটির সদস্যদের খুনের হুমকিও দেওয়া হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে থানায় একাধিক জিডি ও অভিযোগ করা হয়েছিল।
অনিল চন্দ্র দাস আরো জানান চিন্ময় ও তন্ময়ের বিরুদ্ধে মন্দিরের প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া মন্দিরের ভেতরে প্রতি সপ্তাহে দুই দিন হিন্দু ও মুসলিম নারীদের তাবিজ ও ঝাড়ফুঁকের নামে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও দীর্ঘদিনের।
নারায়ণগঞ্জ সদরের সিনিয়র সিভিল জজ মো: নুরুল আমিন স্বাক্ষরিত আদেশে স্পষ্ট বলা হয়েছে, নালিশী সম্পত্তিতে যাতে কোনো পক্ষই দখল পরিবর্তন বা রূপান্তর করতে না পারে, সেজন্য ফতুল্লা মডেল থানার অফিসার-ইন-চার্জকে (ওসি) প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।
আদালতের আদেশ অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রাখায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা এই ঘটনাকে আইনের শাসনের পরিপন্থী বলে উল্লেখ করেছেন। মন্দির কমিটির পক্ষ থেকে দ্রুত পুলিশি হস্তক্ষেপ ও দেবোত্তর সম্পত্তি রক্ষার জোর দাবি জানানো হয়েছে।




















