বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে নারায়ণগঞ্জে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা পুলিশ, নারায়ণগঞ্জের আয়োজনে আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ তারিখে তিনদিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পরীক্ষার সকল কার্যক্রম নারায়ণগঞ্জ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে এবং প্রার্থীদের প্রতিদিন সকাল ৮টায় রিপোর্ট করতে বলা হয়েছে।
পরীক্ষার প্রথম দিন ২১ এপ্রিল প্রার্থীদের উচ্চতা, ওজন ও বুকের মাপসহ প্রাথমিক শারীরিক মাপ গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে।
দ্বিতীয় দিন ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে বিভিন্ন শারীরিক সক্ষমতা পরীক্ষা। এতে পুরুষ প্রার্থীদের জন্য ২০০ মিটার দৌড় (২৮ সেকেন্ড), ১৫ বার পুশ-আপ, ১০ ফুট লং জাম্প ও ৩.৫ ফুট হাই জাম্প এবং নারী প্রার্থীদের জন্য ২০০ মিটার দৌড় (৩৪ সেকেন্ড), ১০ বার পুশ-আপ, ৬ ফুট লং জাম্প ও ২.৫ ফুট হাই জাম্প নির্ধারণ করা হয়েছে।
তৃতীয় দিন ২৩ এপ্রিল পুরুষ প্রার্থীদের জন্য ১৬০০ মিটার দৌড় (৬ মিনিট ৩০ সেকেন্ড), ১৫০ পাউন্ড ড্র্যাগ ও ১২ ফুট রোপ ক্লাইম্বিং এবং নারী প্রার্থীদের জন্য ১০০০ মিটার দৌড় (৬ মিনিট), ১১০ পাউন্ড ড্র্যাগ ও ৮ ফুট রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া পরবর্তী ধাপে ৯ মে লিখিত পরীক্ষা এবং ১৮ মে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নারায়ণগঞ্জ পুলিশ লাইনস স্কুলে অনুষ্ঠিত হবে।
জেলা পুলিশ কর্তৃপক্ষ সকল প্রার্থীকে নির্ধারিত সময়ের পূর্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।




















