মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি। অবৈধ জ্বালানি তেল পাচার রোধে বিশেষ নজরদারি, টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (৩০ মার্চ) বিকেলে বেনাপোল ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের প্রবণতা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়ন সমন্বিতভাবে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ১৯২টি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা, ২৯টি সীমান্তবর্তী ফিলিং স্টেশন পরিদর্শন, ১৯৩৬টি তল্লাশি ও মোবাইল টহল, ১১৩১টি চেকপোস্ট স্থাপন ও পরিচালনা করা হয়েছে।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে ৯৪৬টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে ৯৭টি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে বলেও তিনি জানান।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







