নারায়ণগঞ্জের বাবুরাইলের আলোচিত জোড়া খুনের প্রধান আসামি এবং দুর্ধর্ষ সন্ত্রাসী ‘বরিশাইল্লা ফিরোজ’-এর বোন জামাতা জাহাঙ্গীর এখন পুরো শহরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ৫ আগস্টের আগে ওসমান পরিবারের ক্যাডারদের সাথে সখ্যতা রেখে দাপট দেখালেও, বর্তমানে ভোল পাল্টে নিজেকে বিএনপি নেতা দাবি করে মাদক ব্যবসা ও ঝুট সন্ত্রাসের মহোৎসবে মেতেছে এই দূর্ধর্ষ অপরাধী এমনটাই জানিয়েছে স্থানীয়রা।
জানা গেছে, ২০১৭ সালের ১২ অক্টোবর কাশিপুরে মিল্টন ও পারভেজকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার ১ নম্বর আসামি এই জাহাঙ্গীর। ৫ আগস্টের আগে ওসমান পরিবারের সদস্যদের সাথে সখ্যতা রেখে চললেও, পটপরিবর্তনের পর সে এখন আজমেরী ওসমানের ক্যাডার হিসেবে পরিচয় দিয়ে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। স্থানীয়দের অভিযোগ, জল্লারপাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী শাবুকে শুধু শেল্টারই দিচ্ছে না, বরং তার মাদক ব্যবসার সরাসরি পার্টনার হিসেবে কাজ করছে জাহাঙ্গীর।
কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল এর ক্যাডার আসলাম কে নিয়ে এখন সন্ত্রাসী কার্যকালাপ চালাচ্ছে।
নিজে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থাকলেও জাহাঙ্গীর এখন নিজেকে বড় মাপের বিএনপি নেতা হিসেবে জাহির করছে। বিভিন্ন স্থানে বিশাল বিশাল সাইনবোর্ড ঝুলিয়ে নিজের দাপট দেখাচ্ছে সে। স্থানীয়রা জানান, ডিআইটির করিম মার্কেট ও আশেপাশের এলাকার গার্মেন্টস ও হোসিয়ারী থেকে ঝুট সেক্টরের নিয়ন্ত্রণও করছে সে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, জাহাঙ্গীর এখন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সরলতার সুযোগ নিচ্ছে। এমপির পুত্র আবুল কাউসার আশা এবং কন্যা অ্যাডভোকেট সামছুন নাহার বাঁধনের সাথে ছবি তুলে সেই ছবি ব্যবহার করে বড় বড় ব্যানার সাটিয়ে নিজেকে তাদের ‘কাছের লোক’ হিসেবে পরিচয় দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সে এমপি পুত্র ও কন্যাকে ভুল বুঝিয়ে (মিসগাইড করে) তাদের আশেপাশে থাকে এবং সেই প্রভাব খাটিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও অপকর্ম করে বেড়াচ্ছে।
এলাকাবাসীর পক্ষে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, জাহাঙ্গীর একজন চিহ্নিত খুনি ও মাদক ব্যবসায়ী। সে এখন এমপির সন্তানদের ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। আমরা এমপি সাহেবকে অনুরোধ করব, এই ধরণের অপরাধীকে যেন তারা কাছে না ঘেষতে দেন।
আরেকজন ভুক্তভোগী বলেন, ৫ আগস্টের পর মানুষ ভেবেছিল শান্তি ফিরবে, কিন্তু জাহাঙ্গীরের মতো খুনিরা যখন এমপির লোক পরিচয় দেয়, তখন সাধারণ মানুষ অসহায় হয়ে পড়ে। আমরা তার দ্রুত গ্রেফতার চাই।
রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় বিশিষ্টজনরা সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কামাল এবং তার সন্তানদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, জাহাঙ্গীরের মতো চিহ্নিত অপরাধীকে পাশে রাখলে এমপি পরিবারের পরিচ্ছন্ন ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। তাই দ্রুত তাকে দূরত্ব বজায় রাখতে বলার পরামর্শ দিয়েছেন সচেতন নাগরিকরা।
অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর প্রথমে সকল অভিযোগ অস্বীকার করলেও তথ্য উপাত্তের বিষয়ে জানাতে থাকলে এক পর্যায়ে এসে ফোন কল কেটে দেয়। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর তা রিসিভ করেন নি।




















