মোঃ হারুন অর রশিদ:- হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশ করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন আসিফ খন্দকার, এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লন্ডন প্রবাসী প্রকৌশলী সাইদুর রহমান সাঈদ। এছাড়াও কমিটিতে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষক, সাংবাদিক ও সমাজ সেবীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ যিনি সাধুরপাড়া ইউনিয়নের চর আইরমারী গ্রামের সন্তান, লন্ডনে বসবাস করছেন। তবে তিনি সেখান থেকেও তার এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে আসছেন।
সম্প্রতি তিনি একজন অসহায় ব্যক্তিকে অটোভ্যান উপহার দিয়েছেন এবং মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সহায়তা করেছেন। তার মানবিক কাজের জন্য তিনি ‘মানবিক সাঈদ’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
লন্ডন থেকে কথা বলে সাঈদ বলেন, সমাজের অসহায় ও হতদরিদ্রদের কল্যাণে কাজ করার মধ্যে এক অদ্ভুত তৃপ্তি অনুভব করি। তাই লন্ডন থেকেও আমি আমার এলাকার মানুষের খোঁজখবর রাখি এবং আর্থিক সহায়তার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যতদিন বেঁচে থাকবো, ততদিন মানবিক কাজ করে যাব। তিনি সমাজের স্বচ্ছল ব্যক্তিদের দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অপরদিকে সংগঠনটির সভাপতি আসিফ খন্দকার বলেন, মানব সেবা ও সমাজের নিরীহ নির্যাতিতদের পাশে থেকে নাগরিক অধিকার নিশ্চিত করা আমাদের লক্ষ্য। হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ-এর বকশীগঞ্জ শাখার কমিটি গঠন করা হয়েছে এবং আমরা সংগঠনের শক্তিতেই মানুষের কল্যাণকর কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।
এ কমিটি সমাজে মানবাধিকার ও সামাজিক সেবামূলক কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে এমনটাই আশা করা হচ্ছে।




















