সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ এনে ফতুল্লা মডেল থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোহাম্মদ আবদুল মান্নান নামে এক ব্যক্তি। শুক্রবার ( ৮মে) রাতে তিনি এ জিডি করেন বলে জানা গেছে।
জিডিতে উল্লেখ করা হয়, গত ৮ মে ঢাকার নয়াপল্টন এলাকার একটি হোটেলের রেস্টুরেন্টে কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সেখানে বিভিন্ন ব্যক্তির উপস্থিতি থাকলেও কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনৈতিক আলোচনা হয়নি বলে দাবি করেন তিনি।
পরে ৯ মে ভোরে ফেসবুকের একটি অজ্ঞাত আইডি বা পোর্টালে ফতুল্লা মডেল থানা-এর অফিসার ইনচার্জকে জড়িয়ে তার নাম উল্লেখ করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয় বলে অভিযোগ করেন আবদুল মান্নান। তিনি দাবি করেন, ওই পোস্টে কথিত আর্থিক লেনদেনের যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
জিডিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশ থেকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এতে তার ব্যক্তি সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং ভবিষ্যতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার কাছে আবেদন জানিয়েছেন তিনি।




















