নিজস্ব প্রতিবেদক:- নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদক বিক্রেতাকে নিয়ে বিচিত্র নাটকের জন্ম দিয়েছেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পিয়াস। গত শনিবার ১৫ হাজার টাকা ঘুষ নিয়ে যে ইয়াবা বিক্রেতাকে তিনি মুক্তি দিয়েছিলেন, সেই একই ব্যক্তিকে পরের দিন রবিবার পুনরায় ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। স্থানীয়রা এই ঘটনাকে পিয়াসের “শাক দিয়ে মাছ ঢাকার” একটি নগ্ন চেষ্টা হিসেবে দেখছেন।
উল্লেখ্য গত ৯ মে (শনিবার) সন্ধ্যায় ফতুল্লার কুতুবপুর নয়া মাটি এলাকা থেকে ইয়াবাসহ কামাল নামের এক মাদক বিক্রেতাকে আটক করেন ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল মিয়ার ছেলে হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিয়াস ও তার সহযোগী আকবর। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আটকের পর কামালকে মারধর করে একটি অফিসে আটকে রাখা হয় এবং দীর্ঘ রফাদফা শেষে ১৫ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। রফাদফার সেই টাকা বিকাশের মাধ্যমে পিয়াসের সহযোগীর কাছে পৌঁছায়।
শনিবারের এই অনৈতিক লেনদেনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন পিয়াস। নিজের অপরাধ আড়াল করতে এবং নিজেকে “মাদক বিরোধী” নেতা হিসেবে জাহির করতে (১০ মে) রবিবার তিনি সেই একই মাদক বিক্রেতা কামালকে পুনরায় আটক করেন। এরপর লোকদেখানো নাটকীয়তায় থানা পুলিশকে খবর দিয়ে তাকে সোপর্দ করেন।
এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পিয়াস মূলত তার আগের অপরাধ ঢাকার জন্যই এই পথ বেছে নিয়েছেন। গতকাল যে অপরাধীকে তিনি টাকার বিনিময়ে প্রশ্রয় দিলেন, আজ তাকেই পুলিশে দেওয়াটা তার দ্বিমুখী চরিত্রের বহিঃপ্রকাশ।
সচেতন মহলের মতে, এক দিন আগে টাকা নিয়ে আসামী ছেড়ে দেওয়া আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ। আজকে তাকে পুলিশে দিলেও শনিবারের সেই অবৈধ লেনদেন এবং ক্ষমতার অপব্যবহারের দায় পিয়াস এড়াতে পারেন না।
স্থানীয়রা এখন এই নাটকীয় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মাদক ব্যবসায়ীদের মদদদাতা ওই ছাত্রদল নেতার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।




















