বিগত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান জনসমক্ষ থেকে উধাও। তবে তাকে ঘিরে শুরু হয়েছে এক নতুন ‘লুকোচুরি খেলা’। একদিকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে পাচ্ছে না, অন্যদিকে খোদ রাজপথের বিরোধী দলের নেতার দাবি—তিনি নিয়মিত নিজের কারখানায় হাজিরা দিচ্ছেন!
তবে আলোচনার কেন্দ্রে রয়েছে ফতুল্লার দাপা ইদ্রাকপুরে অবস্থিত সেলিম ওসমানের মালিকানাধীন প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেড। অভিযোগ উঠেছে, সরকার পতনের পর কারখানাটির নিয়ন্ত্রণ নিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একটি অংশ। তবে বিস্ফোরক তথ্য দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
তার দাবি, সেলিম ওসমান প্রতি সপ্তাহে অন্তত একবার কারখানায় আসেন।
টিপু প্রশ্ন তুলেছেন, যদি তিনি নিয়মিত কারখানায় আসেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর রাডারে কেন ধরা পড়ছেন না?লাপাত্তা নাকি নিরাপদ আশ্রয়ে সেলিম ওসমান?এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে।
ওসমান পরিবারের দুই প্রভাবশালী সদস্য শামীম ওসমান ও আজমেরী ওসমানের কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলেও, সেলিম ওসমান পুরোপুরি অন্তরালে। গুঞ্জন রয়েছে, তিনি ঢাকা বা খুলনার কোনো নিরাপদ আস্তানায় অবস্থান করছেন। গত ১৫ ডিসেম্বর ফতুল্লা মডেল থানা পুলিশ উইজডম অ্যাটায়ার্সে ঝটিকা অভিযান চালালেও তার কোনো চিহ্ন পায়নি। এই ব্যর্থ অভিযান পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে।
এক সময় নারায়ণগঞ্জের ব্যবসা-বাণিজ্য ছিল সেলিম ওসমানের হাতের মুঠোয়। বিকেএমইএ থেকে শুরু করে চেম্বার অব কমার্স—প্রায় ৭০টি ব্যবসায়ী সংগঠনের ‘অলিখিত অভিভাবক’ ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, এসব সংগঠনে ভোটের বদলে ‘সিলেকশন’ প্রথা চালু করে তিনি একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন। টেন্ডারবাজি ও শিক্ষা প্রতিষ্ঠান দখলের পুরনো অভিযোগগুলো এখন নতুন করে ডালপালা মেলছে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা ও জনক্ষোভ দেখা দিয়েছে, শতাধিক মামলার আসামি হওয়ার পরও কেন তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিস্ময় প্রকাশ করেছেন। তাদের মতে, সুনির্দিষ্ট তথ্য থাকার পরও ব্যবস্থা না নেওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতাকেই ফুটিয়ে তোলে।
নারায়ণগঞ্জের অলিতে-গলিতে এখন একটাই প্রশ্ন—সেলিম ওসমান কি আসলেই ধরাছোঁয়ার বাইরে, নাকি পর্দার আড়ালে কোনো বড় সমীকরণ চলছে? প্রভাবশালী এই রাজনীতিকের ‘নিখোঁজ’ রহস্যের জট কবে খুলবে, সেই অপেক্ষায় এখন নারায়ণগঞ্জবাসী।




















