যশোর প্রতিনিধি:
যশোর শহরের আরবপুর-বাঁশহাটা এলাকার ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের একটি শিল্প প্রতিষ্ঠানে হামলা, ব্যাপক ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত মঙ্গলবার সকালে মামলার ঘটনাস্থল থেকেই তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন— যশোর সদর উপজেলার আলমনগর এলাকার জিয়াউল হক, আরবপুর এলাকার কামাল হোসেন এবং একই এলাকার সায়াদ হোসেন। আটকের পর আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, যশোর শহরের বিবি রোড এলাকার বাসিন্দা বাবলু তালুকদার পুরাতন কসবা মৌজার বাঁশহাটা এলাকায় নিজস্ব ও ভাড়া নেওয়া জমিতে ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামে একটি ওয়েলডিং ও লেদ ফ্যাক্টরি পরিচালনা করে আসছিলেন। ওই জমির একটি অংশ নিয়ে দীর্ঘদিন ধরে দেওয়ানী আদালতে মামলা চলমান রয়েছে।
গত ২৪ মে সকাল ১১টা ১০ মিনিটের দিকে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল লোহার রড, শাবল, হাতুড়ি ও গ্রাইন্ডার মেশিন নিয়ে আকস্মিক ওই প্রতিষ্ঠানে চড়াও হয়। হামলাকারীরা প্রথমে কারখানার সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয়। একপর্যায়ে তারা ভেতরে প্রবেশ করে লেদ মেশিন, কারখানার মূল্যবান মালামাল, অফিস কক্ষ এবং বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়।
প্রতিষ্ঠানের মালিক বাবলু তালুকদার অভিযোগ করে জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাকে ও তার কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেয়। ফলে প্রাণভয়ে তারা বাধা দেওয়ার সাহস পাননি। এই তাণ্ডবে কারখানার মেশিন ও মালামাল ভাঙচুরে প্রায় ৭০ লাখ টাকা এবং বৈদ্যুতিক সংযোগ ও সরঞ্জামাদির আরও ৬ লাখ টাকাসহ মোট ৭৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া হামলাকারীরা অফিসের ড্রয়ার ভেঙে নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলেও মামলায় উল্লেখ করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযানে নামে এবং তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।




















