নারায়ণগঞ্জের ফতুল্লায় এক সময়ের পুলিশের সোর্স হিসেবে পরিচিত জাফর এখন এলাকা জুড়ে এক মূর্তিমান আতঙ্ক ও প্রতারণার নাম। পুলিশের তথ্যদাতা সেজে দাপট দেখানো জাফর বর্তমানে পেশাদার জুয়াড়িতে রূপান্তরিত হয়েছেন। তার প্রধান হাতিয়ার এখন ‘তিন তাসের “ভেলকি বাজি” রাস্তার মোড়ে মোড়ে পাতা তার এই জুয়ার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে পথে বসছেন সাধারণ পথচারী ও খেটে খাওয়া মানুষ।
শনিবার ( ৪ এপ্রিল) সন্ধ্যায় জাফরের জুয়া চক্রের আসর থেকে আয়নাল হোসেন (৩৫) নামে এক জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাফরের এই জুয়ার আসরটি এলাকায় ‘বেলকি বাজি’ হিসেবে পরিচিত। নিপুণ কৌশলে সাধারণ পথচারীদের তাসের খেলার দিকে আকর্ষণ করা হয়। শুরুতে জয়ের প্রলোভন দেখিয়ে পরে কৌশলে হাতিয়ে নেওয়া হয় পকেটের সব টাকা। অনেক সময় খেটে খাওয়া মানুষ ও পথচারীরা এই ভেলকিতে পড়ে মুহূর্তের মধ্যেই সর্বস্ব হারিয়ে ‘ফকির’ হয়ে বাড়ি ফিরছেন।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক এসআই নন্দন সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে আয়নাল হোসেন নামের এক জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের টের পেয়ে মূল হোতা জাফর ও তার সহযোগী শাকিল, বাদল ও ফারুক পালিয়ে যায়। তবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক জাফরসহ অন্যান্য জুয়াড়িদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত আয়নালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।




















