ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার (২২ এপ্রিল) বিকেলে নিজ এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার এনায়েতনগর ইউনিয়ন এলাকায় অভিযান চালায় র্যাব-১১ একটি চৌকস দল। এসময় নিজ এলাকা থেকেই মেম্বার আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে তার বিরুদ্ধে বেআইনি জনতাবদ্ধ হয়ে হামলা ও নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং- ১৫/০৯/২০২৪)। ওই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানা মূলে র্যাব তাকে আটক করে থানায় হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জলিল মেম্বারের গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার ও তার সহযোগীদের কর্মকাণ্ড নিয়ে জনমনে ক্ষোভ ছিল। পুলিশ জানিয়েছে, উক্ত মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।




















