নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর ঈদগামাঠ এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে মৃত.মাঈনুদ্দিনের ছেলে মাদক সম্রাট সোহান। নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন তিনি। একাধিকবার র্যাব ও পুলিশের অভিযান চালানো হলেও রহস্যজনকভাবে প্রতিবারই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন এই মাদক কারবারি।
স্থানীয়রা জানান ,দক্ষিণ সস্তাপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় ও আশপাশে সোহানের নিয়ন্ত্রণে ইয়াবা, ফেনসিডিল ও দেশি-বিদেশি মদের রমরমা ব্যবসা চলছে। দিনের চেয়ে রাতে মাদক কেনাবেচার ধুম পড়ে বেশি। আশপাশের এলাকা থেকেও মাদকসেবীরা এখানে এসে ভিড় জমায়।
সোহানের এই মাদক সিন্ডিকেটের কারণে স্থানীয় কিশোর ও যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সোহানের বিক্রিত মাদক সেবনের কারনে অনেক স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী মরণনেশা মাদকে জড়িয়ে পড়ছে, যা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন অভিভাবকরা।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হওয়া সত্ত্বেও সোহানকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।
স্থানীয়দের দাবি, পুলিশের অভিযানের খবর সোহান আগেভাগেই পেয়ে যান, ফলে তিনি সটকে পড়তে সক্ষম হন। এর পেছনে কোনো প্রভাবশালী মহলের ইন্ধন বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্সের তথ্য পাচার হওয়ার সন্দেহ করছেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, সোহান নিজেকে স্থানীয় বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। তার এই রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি নির্বিঘ্নে মাদক ব্যবসা পরিচালনা করছেন। তবে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সোহান মিথ্যে পরিচয় ব্যবহার করছেন। মাদক ব্যবসায়ীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আর মাদক বিক্রির টাকায় প্রচুর বিত্তবৈভবের মালিক বনে গেছেন সোহান।
স্থানীয়রা জানান,রমজানের ঈদের আগে র্যাবের একটি চৌকস দল সোহানের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮ শত পিস ইয়াবা উদ্ধার করলেও আটক করতে পারেনি সোহানকে। সেই ঘটনায় র্যাব উদ্ধারকৃত ইয়াবা থানায় হস্তান্তর করলে একটি মাদক মামলা হয়। থানা পুলিশ এখনও পর্যন্ত মাদক বিক্রেতা সোহানকে গ্রেফতার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে যা বললেন স্থানীয়রা। তবে একাধিক সুত্র জানান,গ্রেফতার এড়াতে ঈদের আগে নাকি ফতুল্লা মডেল থানার পুলিশের এক কর্মকর্তাকে নাকি মোটা অংকের টাকা দিয়েছেন ঈদের সালামি হিসেবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সোহানের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। তার বিরুদ্ধে কথা বললেই হামলা ও মামলার শিকার হতে হয়। এলাকার শান্তি রক্ষার্থে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে অবিলম্বে এই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন দক্ষিণ সস্তাপুরবাসী।




















