নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন এলাকায় ডেকোরেটর ব্যবসার আড়ালে ‘মাদক সম্রাট’ টুটুলের নেতৃত্বে এক বিশাল মাদক সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাহ্যিকভাবে বৈধ ব্যবসার সাইনবোর্ড ব্যবহার করলেও এর অন্তরালে দীর্ঘ দিন ধরে চলছে ইয়াবা, গাঁজা ও নিষিদ্ধ মাদকদ্রব্যের রমরমা কারবার।
আড়ালে চলে শক্তিশালী নেটওয়ার্ক
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লা পাইলট স্কুলের পাশেই টুটুলের ডেকোরেটর ব্যবসা প্রতিষ্ঠানটি অবস্থিত।
দিনের বেলায় লোক দেখানো ব্যবসায়িক কার্যক্রম চললেও সন্ধ্যার পর থেকেই পাল্টে যায় এর দৃশ্যপট। গভীর রাত পর্যন্ত সেখানে বহিরাগত ও সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা বাড়তে থাকে। মূলত এই ডেকোরেটর ঘরটিকেই মাদক মজুত ও সরবরাহের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, মাদক ব্যবসার কেন্দ্রটি একটি খ্যাতনামা স্কুলের সন্নিকটে হওয়ায় স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও স্থানীয় কিশোর-তরুণরা সহজেই মাদকের নীল দংশনে আক্রান্ত হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় অভিভাবক বলেন,“ডেকোরেশনের ব্যবসাটা শুধু একটা মুখোশ। ভেতরে যে বিষ বিক্রি হচ্ছে তা এলাকার সবাই জানে। কিন্তু টুটুলের মাদক সিন্ডিকেট এতটাই বেপরোয়া যে, প্রাণের ভয়ে কেউ সরাসরি মুখ খুলতে সাহস পায় না। আমাদের সন্তানদের ভবিষ্যৎ এখন চরম হুমকির মুখে।”
স্থানীয়দের অভিযোগ, টুটুলের এই অবৈধ কর্মকাণ্ড নিয়ে ইতিপূর্বে একাধিকবার সংশ্লিষ্ট মহলে মৌখিক ও লিখিতভাবে জানানো হলেও রহস্যজনক কারণে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দৃশ্যমান কোনো অভিযান না হওয়ায় মাদকচক্রটি দিন দিন আরও প্রভাবশালী ও বেপরোয়া হয়ে উঠছে।
সচেতন মহলের দাবি, স্কুল সংলগ্ন এলাকায় এমন অপরাধচক্র দ্রুত গুঁড়িয়ে না দিলে সামাজিক অবক্ষয় নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। তারা অবিলম্বে জেলা পুলিশ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।
ফতুল্লা পাইলট স্কুল এলাকার সাধারণ মানুষ এখন ‘মাদক সম্রাট’ টুটুলের এই বিষাক্ত সাম্রাজ্য থেকে মুক্তি পেতে প্রশাসনের কঠোর অভিযানের অপেক্ষায় প্রহর গুনছেন।




















