মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করার দায়ে শাকিল (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত শাকিল শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণঝোরা গ্রামের জাহান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অবৈধভাবে ড্রামে ভরে জ্বালানি তেল সংগ্রহ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ড্রামে তেল সংগ্রহের সত্যতা পাওয়ায় শাকিলকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। ট্যাগ অফিসার ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন বলেন, অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুতের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




















