নারায়ণগঞ্জ–ঢাকা রুটে বাস ভাড়া ৫ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান। এই সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অযৌক্তিক ও জনবিরোধী’ বলে মন্তব্য করেছেন তিনি।
আজ সোমবার (৪ মে, ২০২৬) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আবিদ রহমান এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে আবিদ রহমান বলেন, “কিছুদিন পর পর বাস মালিক সমিতির এমন নাশকতামূলক সিদ্ধান্তে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বারবার ভাড়া বৃদ্ধি এবং নানা অজুহাতে যাত্রী হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি উল্লেখ করেন যে, পরিবহন মালিকদের স্বেচ্ছাচারিতার কাছে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা জিম্মি হয়ে পড়েছেন।
বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে ছাত্রনেতা আবিদ রহমান বলেন:
“সাধারণ মানুষ যখন নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছে, তখন নতুন করে বাস ভাড়া বাড়ানো নিম্নআয়ের মানুষ এবং শিক্ষার্থীদের ওপর মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এই বাড়তি চাপের ফলে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে।”
বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন: গণপরিবহনে চলমান অনিয়ম ও যাত্রী হয়রানি দ্রুত বন্ধ করতে হবে।
ভাড়া নির্ধারণে স্বচ্ছ ও যৌক্তিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
মালিক সমিতির একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে।
আবিদ রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসা না হয়, তবে সাধারণ মানুষ ও ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে।




















