প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে সকালে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ ।উষ্ণ অভ্যর্থনা জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড সড়কের দুপাশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।
শনিবার (১৬ মে) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মহাসড়কে এসে অবস্থান নেন। এ সময় সাইনবোর্ড ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে তারেক রহমানকে একনজর দেখার ও ফুলের শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করতে থাকে। তাদের অনেকে ধানের শীষ হাতে ও গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন সাজে অংশ নিতে দেখা যায়।
এসময় ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন,
আমাদের মাঝে আজ যে বাঁধভাঙা উচ্ছ্বাস, যে স্লোগান আর ফুলের পাপড়ি দেখছেন, তা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নেতার প্রতি ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের গভীর ভালোবাসা এবং আস্থার বহিঃপ্রকাশ। ফ্যাসিবাদের রক্তচক্ষু, অবর্ণনীয় নির্যাতন, আর মিথ্যা মামলার পাহাড় ডিঙিয়ে আমরা রাজপথে টিকে ছিলাম। আমাদের নেতা তারেক রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে মাথা নত না করে লড়াই করতে হয়।
তিনি আরো বলেন,আজকের এই জনসমুদ্র প্রমাণ করে দেশের মানুষ জননেতা তারেক রহমানের নেতৃত্বের প্রতি কতটা আস্থাশীল। সুদীর্ঘ সময় পর প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে আজ সকাল থেকেই ফতুল্লাসহ আশপাশের প্রতিটি এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ব্যানার, ফেস্টুন এবং ধানের শীষ হাতে সড়কের দুপাশে অবস্থান নিয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এই বিশাল জমায়েত প্রমাণ করে বিএনপি একটি সুসংগঠিত এবং দায়িত্বশীল রাজনৈতিক দল। চাঁদপুরের এই সফরকে কেন্দ্র করে সারা দেশের মানুষের মনে যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে, তা আগামী দিনে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে।




















