নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের অভিযানে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন (৫০) গ্রেফতার হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে কাশিপুর সম্রাট সিনেমা হল সংলগ্ন তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নূর হোসেন মৃত সেকান্দার আলী মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের রয়েছে।
এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
স্থানীয়রা জানায়, তার বিরুদ্ধে এলাকায় জমি দখল, জবরদস্তিমূলক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদা আদায় ও সাধারণ মানুষকে হয়রানির মতো অভিযোগ রয়েছে। কাশিপুর সম্রাট সিনেমা হল সংলগ্ন এলাকা, হাজীপাড়া ও ইউনিয়ন পরিষদ আশেপাশে তার প্রভাব বিস্তার ছিল বলে তারা উল্লেখ করেন। বিশেষ করে, সম্রাট সিনেমা হলের সামনে এক ব্যবসায়ীকে মারধর করে তিন লাখ টাকা চাঁদা আদায়ের একটি ঘটনাও তার বিরুদ্ধে এলাকায় আলোচিত।
ফতুল্লা মডেল থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুল মান্নান জানান, গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















