বরগুনা জেলার বেতাগী থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৯টি গাঁজা গাছসহ এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ইব্রাহীম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাহউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
শনিবার (৭ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল সরিষামুড়ি ইউনিয়ন এর চন্দমনি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় একটি বসতঘরের দক্ষিণ-পূর্ব পাশে পুকুর পাড়ে রোপণ করা অবস্থায় ৯টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোঃ জয় পহলান (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে সে গাঁজার বীজ রোপণ করে গাছ উৎপাদন করে তা প্রক্রিয়াজাত করে বিক্রির উদ্দেশ্যে চাষাবাদ করছিল।
এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১৮(ক) ধারায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।




















