পরকীয়া জেরে বিবাহবিচ্ছেদের পর সাবেক স্বামীকে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন, ভিডিও ধারণ এবং ৮ লাখ টাকা মুক্তিপণ দাবির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক স্ত্রী পপি আক্তার ও তার পরকীয়া প্রেমিক নিজামসহ এক সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ভুক্তভোগী সিদ্দিক আলী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বক্তাবলী খন্দকার বাড়ীর ইয়ার আলীর ছেলে সিদ্দিক আলীর সাথে পপি আক্তারের বিয়ে হয়েছিল। তাদের সংসারে ১২ ও ৭ বছরের দুটি সন্তান রয়েছে। গত জানুয়ারি (২০২৬) মাসে সিদ্দিক আলী জানতে পারেন, তার স্ত্রী পপি আক্তার ফতুল্লার মধ্যনগর এলাকার দয়াল মিয়ার ছেলে নিজামের সাথে পরকীয়ায় জড়িয়ে ৩ মাসের গর্ভবতী হয়েছেন। এই নিয়ে পারিবারিক কলহের জেরে পপির পরিবার তার গর্ভের সন্তান নষ্ট করে এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের আইনি তালাক সম্পন্ন হয়।
তালাকের পর থেকেই পপি ও তার প্রেমিক নিজাম চক্র সিদ্দিক আলীকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। পপিকে পুনরায় বিয়ে করে সংসার না করলে তাকে হত্যা করে লাশ গুম করার ভয় দেখানো হতো।
অভিযোগে উল্লেখ করা হয়: বিবাদীগণ প্রতিনিয়ত নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন টানবাজারস্থ লিকু এন্ড কেরুর অফিসে (সিদ্দিক আলীর কর্মস্থল) গিয়ে ভয়ভীতি প্রদর্শন করতো।
গত ১৮ মে ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে টানবাজার কর্মস্থলে থাকা অবস্থায় পপি ও নিজামের নির্দেশে সুমন (৪৫) ও শহিদ (৩৫) ৩টি মোটরসাইকেলে করে অজ্ঞাত ৬ জন সন্ত্রাসী নিয়ে হাজির হয়। তারা ফিল্মি স্টাইলে কর্মস্থল থেকে সিদ্দিক আলীকে জোরপূর্বক তুলে নিয়ে বাবুরাইল শেষ মাথায় শহিদের অফিসে আটকে রাখে।
সেখানে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা আরও ২০-২২ জন সন্ত্রাসী সিদ্দিক আলীকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। এ সময় তার নিকট ৮ লাখ টাকা দাবি করা হয় এবং জোরপূর্বক পপির সাথে সংসার করার একটি ‘স্বীকারোক্তিমূলক ভিডিও’ ধারণ করা হয়।
রাত সাড়ে ১০টা পর্যন্ত নির্যাতনের পর, সন্ত্রাসীরা সিদ্দিক আলীর বিকাশ অ্যাকাউন্ট থেকে কৌশলে ০১৯৪৪০৫৬৪৯৩ নম্বরে ১০,০০০ টাকা হাতিয়ে নেয়। এরপর পারভেজ নামের এক ব্যক্তির জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। তবে যাওয়ার আগে হুমকি দেওয়া হয় যে, আগামী ২১ মে ২০২৬ তারিখের মধ্যে দাবিকৃত টাকা পরিশোধ এবং পপির সাথে সংসার শুরু না করলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে।
ভুক্তভোগী সিদ্দিক আলী নিরুপায় হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) আশু হস্তক্ষেপ কামনা করেছেন।




















