নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে ফতুল্লা মডেল থানার এসআই মোঃ রেহানুল ইসলামের নেতৃত্বে এএসআই মোঃ আবুল কালাম আজাদ, এএসআই মোঃ রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ফতুল্লা থানাধীন শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত শামসু গায়েনের ছেলে জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক জাহাঙ্গীরের কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।




















