নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর ও সস্তাপুর এলাকায় স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ফের সক্রিয় হয়ে উঠেছে অবৈধ গ্যাস সংযোগ সিন্ডিকেট।
বিএনপি নেতা পরিচয়দানকারী মাজারুল ইসলাম নামের এক ব্যক্তির নেতৃত্বে একটি চক্র রাতের আধারে কৌশলে আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অবৈধ কর্মকান্ডে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির স্থানীয় অফিসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলেও স্থানীয়দের দাবি।
অনুসন্ধানে জানা যায়, মাজারুল ইসলাম নিজেকে স্থানীয় বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় দাপট দেখিয়ে আসছেন। ফতুল্লার কায়েমপুর গ্যাস অফিসের জসিম উদ্দিনের সাথে সুসম্পর্ক গড়ে তুলে তিনি রাতের অন্ধকারে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস লাইন সংযোগ দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, চক্রটির প্রধান টার্গেট হলো পুরনো অবৈধ সংযোগের উৎস। কয়েক মাস আগে কায়েমপুর এলাকার বাসিন্দা বশির মিয়ার বাড়িতে মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়। ওই সংযোগটি থেকেই গত ২৭ মে রাতে মাজারুল ইসলাম ও তার সহযোগীরা আরও দুটি নতুন অবৈধ সংযোগ প্রদান করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, অবৈধ সংযোগ দেওয়ার সময় কেউ প্রতিবাদ করলে মাজারুল ইসলাম তাকে দলীয় প্রভাব খাটিয়ে উল্টো হুমকি-ধমকি দেন। স্থানীয় গ্যাস অফিসের কর্মকর্তা জসিম এই অবৈধ লাইন স্থাপনের কারিগরি সহায়তা করেন, যার ফলে তিতাস গ্যাস কর্তৃপক্ষের তদারকি এড়িয়ে চক্রটি অবাধে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে কায়েমপুর গ্যাস অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে বলছেন, নিয়মবহির্ভূতভাবে গ্যাস লাইন টানা ও সংযোগের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে অভিযুক্ত মাজারুল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,মুলত আমি কোন সংযোগ দেইনি। জসিমসহ তার সহযোগিরা এ সংযোগ দিয়েছে। ভাই আপনি শিবু মার্কেট এলাকায় আসেন তারপর না হয় আপনার সাথে কথা বলি। মোবাইলে তো আর সবকথা বলা যায়না।
বশিরের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,আমার বাড়িতে মুলত মাজারুল ভাই ও জসিম ভাই গ্যাস সংযোগ দিয়েছে। তারা আমাকে যেখান থেকে সংযোগ দিয়েছিল সেখান থেকেই ২৭ তারিখে তারা অন্য বাড়িতে সংযোগ প্রদান করেছে।
স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।




















