দুর্যোগের ঝুকি হ্রাসে খাকদোন নদীর তীর সংলগ্ন ৬২৮ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের দীর্ঘ রিং বেড়িবাঁধ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী আশ্রয়ন প্রকল্প এলাকায় স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে নির্মিত এ রিং বেড়িবাঁধ পরিদর্শন ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এ রিং বেড়িবাঁধ নির্মাণের ফলে আশ্রয়ন প্রকল্পের ২৪০টি পরিবার উঁচু জোয়ার ও পানির প্লাবন থেকে রক্ষা পাবে।
বরগুনা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীল সহকারী কমিশনার গোলাম কিবরিয়া নায়েম, জেলা দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বিশ্ব খাদ্য কর্মসূচির খুলনা কার্যালয়ের প্রধান মো. আল মামুন আজাদ, ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু বলেন, দুর্যোগপ্রবণ বরগুনার মধ্যে পোটকাখালী আশ্রয়ন প্রকল্পটি জোয়ার-ভাটার পানির কারণে তুলনামূলকভাবে বেশি ভুক্তভোগী ছিল। এ রিং বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে বাসিন্দাদের প্রতিদিনের সংগ্রামের অবসান ঘটেছে। স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে কাজটি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য জাগোনারীকে ধন্যবাদ জানাই।
জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, দুর্যোগপ্রবণ এ এলাকায় রিং বেড়িবাঁধ নির্মাণের ফলে আশ্রয়ন প্রকল্পের ২৪০টি পরিবার এখন রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। বিশেষ করে নারী ও শিশুরা জোয়ার-ভাটার পানির ঝুঁকি থেকে সুরক্ষা পাবে। তিনি প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের জন্য জাপান সরকার এবং কারিগরি সহযোগিতার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের প্রকল্প বাস্তবায়নে আরও উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন।
প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার সন্তোষ প্রকাশ করেন এবং জাগোনারী ও বিশ্ব খাদ্য কর্মসূচীকে ধন্যবাদ জানান।
এসময় তিনি বলেন, সরকারের পক্ষে এককভাবে সব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন সম্ভব নয়। তাই সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারিত করতে হবে।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় অসহায় মানুষের মাঝে রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
উল্লেখ্য, জাপান সরকারের অর্থায়নে ও বিশ্ব খাদ্য কর্মসূচীর কারিগরি সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। জাগো নারী বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে।
প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার চারটি ইউনিয়নে মোট ৪ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে পাঁচটি সড়ক পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এসব সড়ক ব্যবহারের মাধ্যমে প্রায় ১৫ হাজার স্থানীয় মানুষ যাতায়াত ও বিভিন্ন কৃষিপণ্য পরিবহনে সরাসরি উপকৃত হবেন।




















