মোঃ হারুন অর রশিদ-: আসন্ন বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক সরকার রাসেল।
তার এই ঘোষণায় স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
সরকার রাসেল বকশীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন রাজপথে সাহসী নেতৃত্ব দিয়েছেন। সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বকশীগঞ্জের রাজপথে সম্মুখ সারিতে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হন।
মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে সরকার রাসেল বলেন: ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে বকশীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন ‘মডেল পৌরসভা’ ড্রেনেজ সমস্যা নিরসন, মাদক মুক্ত সমাজ গঠন এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
সরকার রাসেল জানান, দল যদি সুযোগ দেয় এবং পৌরবাসী পাশে থাকে, তবে তিনি ড্রেনেজ সমস্যা নিরসন, মাদক মুক্ত সমাজ গঠন এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।
তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় তরুণ প্রজন্ম ও তৃণমূলের নেতাকর্মীরা।
সাধারণ ভোটারদের মতে, একজন শিক্ষিত ও লড়াকু সাবেক ছাত্রনেতা হিসেবে সরকার রাসেল পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারবেন।




















