মো. সাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামে ধানক্ষেত থেকে মো. ইউনুস আলী (৪৮) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে গ্রামের মাঠের পাশের একটি ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউনুস আলী বেনাপোল ৮ নম্বর ওয়ার্ডের ছোটআঁচড়া গ্রামের মৃত মোস্তাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।




















