মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৫ বোতল এসকাফ কফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে ২০২৬ তারিখে সৈয়দপুর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম ও ওসি (তদন্ত)-এর নির্দেশনায় একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোহাম্মদ আমানত হোসেন ওরফে রকি (৩৯)। তিনি সৈয়দপুর উপজেলার পুরাতন মুন্সিপাড়া এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত কফ সিরাপগুলো অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা নং- ১(৬)/২৬ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।




















