নেত্রকোনা জেলা প্রতিনিধি, মোঃ বাবুল:- নেত্রকোনার বারহাট্টায় পূর্ব বিরোধের জেরে দুই সহোদরকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিরা নিজেদের বিরুদ্ধে থাকা অভিযোগ থেকে রেহাই পেতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পক্ষের দাবি, হামলার ঘটনায় মামলা হওয়ার পর আসামিরা এখন তাদের ফাঁসাতে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।
ঘটনাটি উপজেলার বাউসী ইউনিয়নের হারুলিয়া গ্রামে ঘটে।
এলাকাবাসী, মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, হারুলিয়া গ্রামের বাচ্চু মিয়া পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল সুপেন আহমেদ শেখ পরিবারের। এ বিরোধের জের ধরে গত মাসে সংঘটিত এক হামলায় সুপেন আহমেদ শেখ ও তার ভাই গুরুতর আহত হন।
ভুক্তভোগী সুপেন আহমেদ শেখের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি ও তার ভাই গুরুতর রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরদিন আহতদের পরিবারের পক্ষ থেকে বাচ্চু মিয়াসহ ৮-৯ জনকে আসামি করে বারহাট্টা থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।
তবে মামলার এক মাস পার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এদিকে কয়েকজন আসামি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
ভুক্তভোগী পক্ষের অভিযোগ, জামিনে মুক্ত হয়ে আসামিরা নিজেদের বিরুদ্ধে থাকা অভিযোগ আড়াল করতে বাদী পক্ষের বিরুদ্ধে হাঁস ডাকাতি, জমি দখল, এলাকায় দাপট সৃষ্টি এবং সাধারণ মানুষকে হয়রানির মতো নানা অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছেন। এ উদ্দেশ্যে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ করেও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি তাদের।
সরেজমিনে হারুলিয়া গ্রামে গিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা হলে তারা জানান, সাম্প্রতিক প্রচারণাগুলো মূলত চলমান মামলার প্রভাব কমানোর উদ্দেশ্যে চালানো হচ্ছে। সুপেন আহমেদের বিরুদ্ধে আনা দাপট ও হয়রানির অভিযোগের সত্যতা তারা খুঁজে পাননি বলেও জানান।
এ বিষয়ে সুপেন আহমেদ শেখ বলেন, “আমাদের দায়ের করা মামলা থেকে বাঁচতে আসামিপক্ষ নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। প্রকৃত ঘটনা জানতে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বললেই সব পরিষ্কার হবে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।




















